কৃষি খবর ডেস্ক: ইন্দোনেশিয়ায় এল নিনোর প্রভাবে দীর্ঘস্থায়ী খরায় নদীর পানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন পাম তেলচাষিরা। দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশে নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় অনেক পাম তেল কৃষকদের কাছ থেকে ফল কেনা কমিয়ে দিয়েছে। ফলে হাজারো কৃষকের কাটা ফল বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে।

ইন্দোনেশিয়ার দীর্ঘতম কাপুয়াস নদীর পানি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে বালুচর জেগে উঠেছে। এতে পণ্যবাহী বার্জ ও টাগবোট আটকে পড়ছে। বিকল্প হিসেবে সড়কপথে পণ্য পরিবহনে খরচ প্রায় তিন গুণ বেশি হওয়ায় তেলকলগুলোও সংকটে পড়েছে।

পশ্চিম কালিমান্তানে দেশটির মোট পাম তেল উৎপাদনের প্রায় ১১ শতাংশ হয়। স্থানীয় পাম অয়েল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, প্রদেশটির ৫০টি তেলকলের মধ্যে ১৩টি পরিবহন সমস্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি তেলকলে জুলাইয়ে যেখানে ৩০ হাজার টন পাম ফল প্রক্রিয়াজাত করা হয়েছিল, সেপ্টেম্বরে তা কমে ১০ হাজার টনে নেমেছে। নদীপথে পণ্য পাঠাতে না পারায় তেল সংরক্ষণের ট্যাংকগুলো প্রায় পূর্ণ হয়ে গেছে।

এদিকে ফল বিক্রি করতে না পারায় কৃষকদের আয় কমে গেছে। কেউ কেউ খরচ বাঁচাতে সার ব্যবহার ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছেন। আবার অনেকে সংসার চালাতে কেক ও ডোনাট বিক্রির মতো বিকল্প পেশা বেছে নিচ্ছেন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, এ বছর বর্ষা শুরু হতে নভেম্বর পর্যন্ত দেরি হতে পারে। এতে নদীর পানির স্তর স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। ফলে পাম তেল উৎপাদন ও কৃষকদের জীবিকায় সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স