চলতি বছর দেশে চা উৎপাদন ১০ কোটি ৫০ লাখ কেজি ছাড়িয়ে যাবে বলে আশা করছে বাংলাদেশ চা বোর্ড। সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বাগানের পাশাপাশি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের সমতল ভূমির চা এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
পঞ্চগড়ে বর্তমানে ১২ হাজার হেক্টরের বেশি জমিতে ক্ষুদ্র চাষিরা চা চাষ করছেন। তেঁতুলিয়ার চাষি মোতালেব হোসেন বলেন, “৩ বিঘা জমিতে চা লাগিয়েছি। প্রতি মাসে পাতা বিক্রি করে ২০-২৫ হাজার টাকা আয় হয়।”
তবে কাঁচা চা-পাতার দাম নিয়ে চাষি ও কারখানা মালিকদের মধ্যে টানাপোড়েন চলছে। চাষিদের দাবি কেজিপ্রতি ন্যূনতম ২৫ টাকা, কারখানাগুলো দিচ্ছে ১৮-২০ টাকা।
চা বোর্ড জানিয়েছে, দাম নির্ধারণে চাষি, কারখানা ও প্রশাসনের সমন্বয়ে কমিটি কাজ করছে। পাশাপাশি চা রপ্তানি বাড়াতে ব্র্যান্ডিং ও মান উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।






