জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার হরিশ্চন্দ্র পাঠ এলাকায় দেওনাই নদী থেকে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ৪০০ জেলে পরিবার । প্রতিদিন নদীতে জাল ফেলে মাছ শিকার করেন তাঁরা। সেই মাছ বাজারে বিক্রি করে চলে তাঁদের সংসার। পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচও জোগান তাঁরা।

জেলেরা জানান, প্রতিদিন একজন জেলে গড়ে ৬ থেকে ৮ কেজি পর্যন্ত মাছ ধরতে পারেন। এসব মাছ স্থানীয় বাজারসহ আশপাশের বিভিন্ন বাজারে বিক্রি করা হয়। তাঁদের জালে ধরা পড়ে গুঁড়া মাছ, গোটা গোছী, টেংরা, পুঁটি ও চিংড়িসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ।

জেলে পরবাসু বলেন, “আমি প্রতিদিন দেওনাই নদীতে মাছ ধরি। প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ কেজি মাছ পাই। মাছ বিক্রির টাকা দিয়ে আমার সংসার চলে। পাশাপাশি ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচও চালাই। শুধু এই বাজারেই নয়, আমরা বিভিন্ন বাজারে মাছ বিক্রি করে থাকি।”

জেলেদের মতে, নদীতে মাছ পাওয়া গেলে তাঁদের সংসারে কিছুটা স্বস্তি আসে। তবে প্রতিদিন সমান পরিমাণ মাছ পাওয়া যায় না। নদীর মাছ ধরা ও বিক্রির ওপর নির্ভর করেই  চলে তাঁদের জীবিকা।