সোনালি আঁশের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে পাট কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। মণপ্রতি ন্যূনতম ৩ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
ফরিদপুর, মাগুরা, যশোর ও কুষ্টিয়ার ২০টি উপজেলায় ক্রয়কেন্দ্র খোলা হবে। কৃষকরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সরাসরি পাট বিক্রি করতে পারবেন।
ফরিদপুরের ভাঙ্গার পাটচাষি মো. জালাল বলেন, “ফড়িয়ারা মণপ্রতি ২ হাজার ২০০ টাকা দেয়। সরকার ৩ হাজার দিলে আমাদের লোকসান হবে না।”
পাট অধিদপ্তর জানিয়েছে, এ বছর দেশে প্রায় ৭ লাখ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং উৎপাদন ৮৫ লাখ বেল ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।






