কৃষি খবর ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জালে আটকা পড়েছে প্রায় ১৪ ফুট দীর্ঘ একটি অজগর। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজারসংলগ্ন ধরলা নদীর কাছের একটি বিলে এ ঘটনা ঘটে। অজগরটি দেখতে ঘটনাস্থলে ভিড় করে শত শত উৎসুক মানুষ।

স্থানীয়রা জানায়, শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীর কাছের ওই বিলে নিয়মিত চায়না দুয়ারি রিং জাল পেতে মাছ ধরেন। ওই দিন দুপুরে জাল তুলতে গিয়ে তিনি এর মধ্যে অজগরটি দেখতে পান। পরে আশপাশের কয়েকজন জেলের সহযোগিতায় জালসহ সাপটিকে বাড়িতে নিয়ে আসেন।

অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় জমাতে থাকে স্থানীয় বাসিন্দারা।

সাপটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও হাবিবুর জানান, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৪ ফুট হতে পারে। এত বড় সাপ এলাকায় ধরা পড়ায় মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজনের ধারণা, অজগরটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে আসতে পারে।

কারণ, সাপটি যে স্থান থেকে ধরা পড়েছে, সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের গিদালদহ সীমান্ত অবস্থিত। তবে অজগরটির প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে অজগরটি উদ্ধারের পর সেটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল বলেন, অজগরটি উদ্ধারের পর নিরাপদ স্থানে অবমুক্ত করা বা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে জানানো হয়েছে।