কৃষি খবর ডেস্ক: যুক্তরাজ্যের হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইট অঞ্চলে হারিয়ে যাওয়া ও বিরল প্রজাতির আপেল খুঁজে বের করতে মাঠে নেমেছেন একদল গবেষক ও ফলপ্রেমী। তাঁদের অনুসন্ধানের লক্ষ্য কোনো অপরাধী নয়, বরং বহু বছর ধরে বাগান ও মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী আপেলের জাত। স্থানীয়ভাবে তাঁদের পরিচিতি পেয়েছে ‘আপেল গোয়েন্দা’ হিসেবে।

ব্রিটিশ সুপারমার্কেটগুলোতে সাধারণত পরিচিত কয়েক ধরনের আপেল পাওয়া যায়। কিন্তু লিপহুক এলাকার ‘ব্রামশট রেক্টরি’ কিংবা সাউদাম্পটনে উৎপাদিত ‘বিউটি অব হ্যাম্পশায়ার’-এর মতো স্থানীয় ঐতিহ্যবাহী জাত এখন আর সহজে চোখে পড়ে না। এসব জাতের অনেকগুলোই একসময় বিলুপ্তির ঝুঁকিতে পড়েছিল। এখন সেগুলো খুঁজে বের করে সংরক্ষণের চেষ্টা চলছে।

স্পারশল্ট কলেজের হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের ১৯৬০ সালের আগের আপেল জাতের জাতীয় উদ্ভিদ সংগ্রহশালার তত্ত্বাবধায়ক ক্রিস বার্ড এই উদ্যোগের সঙ্গে যুক্ত। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ‘মিস্টার অ্যাপল’ নামে পরিচিত।

বার্ড জানান, জাতীয় সংগ্রহশালার হারিয়ে যাওয়া জাতগুলোর ঘাটতি পূরণ করতে প্রায় আট বছর ধরে কাজ করছেন তাঁরা। বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে পুরোনো আপেলগাছের সন্ধান করছেন গবেষকেরা।

তিনি বলেন, অতীতে ইংল্যান্ডের অনেক আপেলের জাত এমন সময়ে উদ্ভাবন করা হয়েছিল, যখন ঘরে ঘরে ফ্রিজ বা ফ্রিজার ছিল না। তবে বর্তমানে বিভিন্ন জাতের ফল পাকার সময় এবং সংরক্ষণব্যবস্থার কারণে প্রায় সারা বছরই আপেল সরবরাহ করা সম্ভব।

বার্ডের মতে, কিছু আপেল জুলাইয়ের শেষ দিকে পাকে। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে পরবর্তী বছরের মে মাস পর্যন্ত সেগুলো সরবরাহ করা যায়। অক্টোবর ও নভেম্বর মাস আপেল সংগ্রহের জন্য সবচেয়ে উপযোগী সময়। তবে অনেক ঐতিহ্যবাহী জাত এমনভাবে উদ্ভাবিত হয়েছিল, যেগুলো ইস্টার উৎসবের আগে খাওয়ার উপযোগী হতো না।

এর একটি উদাহরণ ‘ইস্টার অরেঞ্জ’। ১৮৯৭ সালে উইনচেস্টারের হিলিয়ার অ্যান্ড সন্স এই জাতটি বাজারে আনে। শরৎকালের মূল ফসল সংগ্রহের পরও যাতে দীর্ঘ সময় তাজা আপেল পাওয়া যায়, সেই লক্ষ্যেই জাতটি তৈরি করা হয়েছিল।

বার্ড বলেন, পুরোনো আপেলের জাতগুলো শুধু ফল নয়, জীবন্ত ইতিহাসের অংশ। তাঁদের সংগ্রহে থাকা ‘ক্যাটস হেড’ জাতটি টিউডর আমলেও বেশ প্রচলিত ছিল। এই আপেল খেলে কয়েক শতাব্দী আগের মানুষের ব্যবহৃত ফলের স্বাদ ও গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের অনেক পুরোনো আপেলের জাত প্রতিকূল পরিবেশেও বেশ ভালোভাবে টিকে আছে বলে জানান বার্ড। সাম্প্রতিক আবহাওয়ার পরিবর্তনের মধ্যেও কিছু গাছে প্রচুর ফল ধরেছে।

তাঁর মতে, এসব জাত স্থানীয় মাটি ও আবহাওয়ার উপযোগী করে উদ্ভাবন করা হয়েছিল। তাই সেগুলো সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি পুরোনো আপেলের স্বাদ ও গঠনের বৈচিত্র্যও অসাধারণ, যা অনেক মানুষ এখনো জানেন না।

হ্যাম্পশায়ারের ঐতিহ্যবাহী জাতগুলোর মধ্যে রয়েছে ‘স্যার জন থর্নিক্রফট’। ১৯৩০-এর দশকে লেডি থর্নিক্রফট এই জাতটি উদ্ভাবন করেন এবং তাঁর স্বামীর নামে নামকরণ করেন।

আইল অব ওয়াইটের বেমব্রিজ এলাকাও একসময় আপেলের নতুন জাত উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। লেডি থর্নিক্রফট সেখানে তাঁর প্রধান মালি মি. কলিস্টারের সঙ্গে কাজ করতেন।

ওই এলাকার আরেকটি আপেলের জাত একসময় একক ফলের সর্বোচ্চ ওজনের জন্য গিনেস বুক অব রেকর্ডসে স্থান পেয়েছিল। ফলটির ওজন ছিল প্রায় ২ দশমিক ২ পাউন্ড, অর্থাৎ প্রায় এক কেজি।

জাতীয় সংগ্রহশালার সংগ্রহ আরও সমৃদ্ধ করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। বার্ড জানান, লেডি থর্নিক্রফটের উদ্ভাবিত তিনটি হারিয়ে যাওয়া আপেলের জাত এখনো খুঁজে পাননি তাঁরা। এ ছাড়া সাউদাম্পটন এলাকায় একসময় পরিচিত ‘ব্যাসেট বিউটি’ নামের আপেলটিও খুঁজছেন গবেষকেরা।

এই অনুসন্ধানে যুক্ত হয়েছেন সাউদাম্পটনের শোলিং ভ্যালিস স্টাডি সেন্টারের ম্যাক ইনস। বাগান ও পুরোনো ফলের গাছ থেকে হারিয়ে যাওয়া আপেলের জাত শনাক্ত করাই তাঁর আগ্রহের বিষয়।

ইনস জানান, বিশের কোঠায় থাকাকালে বাবার সঙ্গে আপেল থেকে রস তৈরি এবং পরে তা দিয়ে সাইডার বানানোর মধ্য দিয়ে তাঁর এই ফলের প্রতি আগ্রহ তৈরি হয়। তাঁর কাছে আপেল শুধু একটি ফল নয়; এটি পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে।

তিনি বলেন, ১৮০০-এর দশকে অনেক মানুষ শখের বশে উদ্যানতত্ত্ব চর্চা করতেন। তাঁরা নতুন ডাল থেকে কলম তৈরি করে বিশেষ বৈশিষ্ট্যের আপেলের জাত উদ্ভাবন করতেন। এভাবেই ‘বিউটি অব হ্যাম্পশায়ার’-এর মতো ব্যতিক্রমী নামের বহু জাতের জন্ম হয়েছিল।

ইনসের মতে, কিছু আপেল শুধু আইল অব ওয়াইটে, আবার কিছু শুধু কেন্ট এলাকায় পাওয়া যেত। এসব জাতের সঙ্গে স্থানীয় ইতিহাস ও মানুষের সম্পর্ক খুঁজে বের করাই তাঁর কাছে বিশেষ আনন্দের।

গবেষকদের এই উদ্যোগের লক্ষ্য শুধু হারিয়ে যাওয়া ফলের জাত উদ্ধার নয়; বরং স্থানীয় কৃষি ঐতিহ্য, মানুষের স্মৃতি এবং শতাব্দীপ্রাচীন উদ্ভাবনের ধারাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।

সূত্র: বিবিসি