কৃষি খবর ডেস্ক: চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে অভিযান চালিয়ে নষ্ট ও পচা ইলিশ সংরক্ষণ করে বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে নজরুল ইসলাম নামে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সঙ্গে সংরক্ষণে থাকা নষ্ট-পচা ইলিশ জব্দ করে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবসায়ীর সংরক্ষণে থাকা ইলিশ মাছ পরীক্ষা করে নষ্ট ও পচা মাছের অস্তিত্ব পাওয়া যায়। পরে এসব মাছ জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে কোনো অবস্থাতেই নষ্ট ও পচা মাছ বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

অভিযানকালে বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। এসময় তাদের যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং ক্রেতাদের ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযান শেষ হওয়ার পর জব্দ মাছ বাজারে নিয়ে আসা হলে সেখানে ভালো ও নষ্ট দুই ধরনের মাছ পাওয়া যায়। নষ্ট মাছ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কারণ পচা ও নষ্ট মাছ খাওয়া মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে।