কৃষি খবর ডেস্ক: মেক্সিকো থেকে গরু আমদানি আরও দুটি মার্কিন প্রবেশপথ দিয়ে পুনরায় চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। মাংসখেকো পরজীবী ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’-এর বিস্তার ঠেকাতে গত বছর মেক্সিকো থেকে গবাদিপশু আমদানি বন্ধ করে দিয়েছিল দেশটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউএসডিএ জানায়, আগামী ২৬ অক্টোবর নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কলম্বাস সীমান্ত দিয়ে গরু আমদানি পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নিরাপদ বাণিজ্যের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হলে ৩০ নভেম্বর অ্যারিজোনা অঙ্গরাজ্যের নোগালেস প্রবেশপথেও আমদানি চালু করা হবে।

গরুর মাংসের দাম রেকর্ড উচ্চতায়

মেক্সিকো থেকে গরু আমদানি বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রে গরুর মাংসের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে চলতি বছর দেশটিতে গরুর মাংসের কিমার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে খাদ্যপণ্যের ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগও বাড়ছে।

এর আগে গত আগস্টে অ্যারিজোনার ডগলাস এবং সেপ্টেম্বরে নিউ মেক্সিকোর সান্তা তেরেসা সীমান্ত দিয়ে গবাদিপশু বাণিজ্য পুনরায় চালু করে ইউএসডিএ।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর সান্তা তেরেসা প্রবেশপথ দিয়ে ঘোড়া আমদানিও পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে স্ক্রুওয়ার্মের সংক্রমণ

ইউএসডিএর তথ্য অনুযায়ী, গত জুন থেকে যুক্তরাষ্ট্রে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মে আক্রান্ত হওয়ার ৫৬টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি সংক্রমণ এখনো সক্রিয় রয়েছে।

নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম হলো এক ধরনের পরজীবী মাছির লার্ভা, যা জীবিত প্রাণীর ক্ষতস্থানে প্রবেশ করে জীবন্ত টিস্যু খেয়ে ফেলে। গবাদিপশুর জন্য এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ পরজীবীর বিস্তার ঠেকানোই মেক্সিকো থেকে গবাদিপশু আমদানিতে বিধিনিষেধ আরোপের অন্যতম কারণ।

সূত্র: রয়টার্স