রয়টার্স: ডিজেলের বাড়তি ব্যয় সামাল দিতে কৃষকদের জন্য ৮০০ কোটি ডলারের সহায়তা কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ) এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

সোমবার (১৯ অক্টোবর) কানসাসে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, কৃষকদের ডিজেল ব্যয় কমাতে ‘হারভেস্ট ফুয়েল রিলিফ প্রোগ্রাম’ নামে নতুন একটি কর্মসূচি চালু করা হবে। এ কর্মসূচির আওতায় চলতি ফসল কাটার মৌসুমে কৃষকদের ৮০০ কোটি ডলার সহায়তা দেওয়া হবে।

ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে আমেরিকান কৃষকদের এককালীন সহায়তা হিসেবে এ অর্থ বরাদ্দ করা হবে। বাজার এবং উৎপাদন উপকরণের বাড়তি ব্যয়ের চাপ কমানোই এ উদ্যোগের লক্ষ্য।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফসল উৎপাদন মৌসুমে কৃষকদের সম্ভাব্য ক্ষতির একটি অংশ পুষিয়ে দিতে অভিন্ন সূত্রে আনুপাতিক হারে সহায়তা দেওয়া হবে। কৃষি বিভাগের ফার্ম সার্ভিস এজেন্সি এ অর্থ বিতরণের দায়িত্ব পালন করবে।

চলতি বছেরর নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ভোটারদের জন্য একের পর এক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প। নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা রিপাবলিকান পার্টির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে দলটির প্রতিনিধি পরিষদ ও সিনেটে সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের ব্যয় এবং কৃষি উৎপাদনের খরচে। ব্যয় বৃদ্ধির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচন রয়েছে—এমন কৃষিপ্রধান রাজ্যগুলোতে সমর্থন ধরে রাখার চেষ্টা করছে রিপাবলিকানরা।

এর আগে অক্টোরের শুরুতে ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। তাঁর দাবি, ওই আদেশের মাধ্যমে করমুক্ত ডিজেলের প্রাপ্যতা বাড়ানো হবে।

এদিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। তবে এ প্রস্তাব নিয়ে বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান সদস্য সংশয় প্রকাশ করেছেন।