কৃষি খবর ডেস্ক: কৃষিতেই সম্ভাবনা এই বিশ্বাস থেকে মাত্র ২১ বছর বয়সে ব্যবসা শুরু করেন রংপুরের উদ্যোক্তা গাউসুল আজম। ২০১৭ সালে অনলাইনে ছবি ও ভিডিওর মাধ্যমে কৃষিযন্ত্র বিক্রি দিয়ে শুরু হয় তার পথচলা।

বর্তমানে তার গড়ে তোলা প্রতিষ্ঠান কৃষি বাজার লিমিটেড দেশের সব জেলার ৪০ হাজারের বেশি কৃষকের কাছে কৃষিযন্ত্র বিক্রি করেছে। প্রতিষ্ঠানটি ৩৫০টিরও বেশি ধরনের কৃষিযন্ত্র ও কৃষিপণ্য নিয়ে কাজ করছে।

শুধু কৃষিযন্ত্র বিক্রিই নয় চার জেলায় প্রায় ১ হাজার ৮০০ একর জমিতে ভুট্টা ও আলুর চুক্তিভিত্তিক চাষ, কৃষকদের প্রশিক্ষণ, নার্সারি ও ফার্মার হাব, কৃষি বর্জ্য থেকে ‘কৃষি খড়ি’ এবং গোবর থেকে জৈবসার তৈরির উদ্যোগ নিয়েছেন এই উদ্যোক্তা।

বর্তমানে কৃষি বাজারে কাজ করছেন ৫৫ জন কর্মী। উদ্যোক্তার দাবি অনুযায়ী, সব উদ্যোগ মিলিয়ে বছরে প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করছেন তিনি।

শূন্য থেকে শুরু করে কৃষিকে কেন্দ্র করে একজন তরুণ উদ্যোক্তার এই পথচলা বাংলাদেশের কৃষি উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।