জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর গ্রামাঞ্চলে গাছ থেকে জলপাই সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও ব্যবসায়ীরা। বাগান কিংবা বসতবাড়ির গাছ থেকে জলপাই সংগ্রহ করে তা বিক্রি করা হচ্ছে বিভিন্ন বাজারে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব জলপাই যাচ্ছে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

নীলফামারীর কৃষক ধীরেন চন্দ্র রায় জানান, তাঁর মাত্র চারটি জলপাই গাছ রয়েছে। এ বছর গাছের জলপাই বিক্রি করে পেয়েছেন ১৬ হাজার টাকা। গাছে আরও ভালো ফলন হলে বিক্রির পরিমাণ বাড়ত বলে জানান তিনি। প্রতি বছর জলপাই বিক্রি করে ১৫ থেকে ১৬ হাজার টাকা আয় করেন তিনি। তাঁর মতে, এটি সংসারের বাড়তি আয়ের একটি ভালো উৎস।

স্থানীয় জলপাই ব্যবসায়ীরা জানান, তাঁরা গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কৃষকদের কাছ থেকে গাছের জলপাই কিনে নেন। পরে গাছ থেকে জলপাই সংগ্রহ করে বস্তায় ভরে বাজারে বিক্রি করেন। এতে কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।

এদিকে একই এলাকার কৃষকেরা জানান, যেসব জমি বর্তমানে অনাবাদি পড়ে রয়েছে, সেসব জমিতে জলপাই গাছ লাগানোর পরিকল্পনা করছেন তাঁরা। এতে একদিকে জমির সঠিক ব্যবহার হবে, অন্যদিকে বাড়বে বাড়তি আয়ের সুযোগ।

জলপাই দিয়ে বিভিন্ন ধরনের আচার ও মুখরোচক খাবার তৈরি করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে জলপাইয়ের চাহিদা থাকায় এটি কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে।