কৃষি খবর ডেস্ক: গরুর মাংসের দাম কমানোর লক্ষ্যে নির্দিষ্ট কিছু আমদানিতে ৯০ দিনের শুল্ক ছাড় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি সস্তা হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের স্থানীয় খামারিরা।

গত আগস্টে ঘোষিত এ শুল্ক ছাড়ের পর গরুর নিলামমূল্য কমে যাওয়ায় সাময়িকভাবে মুনাফা হারিয়েছেন অনেক খামারি। যুক্তরাষ্ট্রের একাধিক খামারি সংগঠনও এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতিবিদ ডেভিড অ্যান্ডারসনের মতে, আমদানি সস্তা হলে স্থানীয় খামারিরা উৎপাদন বাড়াতে নিরুৎসাহিত হতে পারেন।

এদিকে যুক্তরাষ্ট্রে গরুর সংখ্যা ১৯৫১ সালের পর সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। শুল্কনীতির অনিশ্চয়তা, জ্বালানির উচ্চমূল্য ও খরার কারণে খামারিরা আরও চাপে পড়ছেন।

বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত আগামী মধ্যবর্তী নির্বাচনে কিছু এলাকায় রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে খামারিদের অসন্তোষ নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: আল জাজিরা