কৃষি খবর ডেস্ক: চুয়াডাঙ্গায় আহত অবস্থায় একটি বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর প্রাণীটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রোববার (১ নভেম্বর) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ আহত গন্ধগোকুলটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গন্ধগোকুলের একটি দল প্রায়ই লোকালয়ে এসে বাড়ির কবুতর ও মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়। রোববার খাবারের সন্ধানে একটি গন্ধগোকুল লোকালয়ে প্রবেশ করলে কয়েকজন শিশু ও নারী সেটিকে আঘাত করেন।

পরে স্থানীয় কয়েকজন যুবক প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেন। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত গন্ধগোকুলটি উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু জানান, উদ্ধার করা প্রাণীটি এশিয়ান পাম সিভেট, যা স্থানীয়ভাবে তাল খাটাশ, ভাম বা খাটাশ নামে পরিচিত।

তিনি বলেন, আবাসস্থল ও খাদ্যসংকটের কারণে প্রাণীটি বর্তমানে হুমকির মুখে রয়েছে। মাঠে সংরক্ষিত পদ্ধতিতে চাষাবাদের ফলে এদের স্বাভাবিক বিচরণক্ষেত্র ও শিকারের জায়গা কমে যাচ্ছে। এতে খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করতে বাধ্য হচ্ছে এবং মানুষের সঙ্গে সংঘাত বাড়ছে।