কৃষি খবর ডেস্ক: থাইল্যান্ডে এক বছরের মধ্যে ১০ লাখ পরিবারের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের লক্ষ্যে ৫০ বিলিয়ন বাথ বা প্রায় ১.৪৮ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১৮ হাজার কোটি টাকা) একটি প্রকল্প অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। জ্বালানি খাতের রূপান্তর এবং ক্রমবর্ধমান জ্বালানি ব্যয়ের চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার সরকারি নীতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত মাসে দেশটির জ্বালানিমন্ত্রী জানিয়েছিলেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ব্যয় কমাতে আগামী এক বছরের মধ্যে ১০ লাখ পরিবারের বাড়িতে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সহায়তা দেবে সরকার।

এদিকে, মন্ত্রিসভা জৈব জ্বালানির ওপর কর কমানোরও অনুমোদন দিয়েছে। এর ফলে কৃষকেরা উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী সচিব লাভারন সাংসনিত।

পাশাপাশি, স্মার্ট গ্রিড উন্নয়নে ২০ বিলিয়ন বাথের বেশি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের উৎপাদিত সৌরবিদ্যুতের উদ্বৃত্ত অংশ সরকারের কাছে বিক্রি করার সুযোগ পাবেন বলে জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎসের প্রসার ঘটানো জ্বালানি ব্যয়ের চাপ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: রয়টার্স