কৃষি খবর ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় মাচাজুড়ে ঝুলছে হলুদ রঙের ছোট ছোট তরমুজ। নতুন জাতের এই তরমুজের নাম ‘সূর্যডিম’। ইউটিউব দেখে আগ্রহ তৈরি হওয়ার পর পরীক্ষামূলকভাবে চাষ শুরু করে এখন সফলতা পেয়েছেন কৃষক আবদুল জব্বার।

পটিয়ার কচুয়াই ইউনিয়নের উত্তর শ্রীমাই গ্রামের আবদুল জব্বারের প্রায় ছয় একর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। এর মধ্যে প্রায় ৪০ শতক জমিতে মাচা তৈরি করে চাষ করা হয়েছে সূর্যডিম জাতের তরমুজ।

হলুদ রঙের এই তরমুজগুলো এখন মাচায় ঝুলছে। নতুন ধরনের ফলন দেখতে প্রতিদিনই আগ্রহ তৈরি হচ্ছে আশপাশের কৃষকদের মধ্যে।

নতুন জাতের ফসল সম্পর্কে জানতে বইপত্র পড়ার পাশাপাশি নিয়মিত ইউটিউবের কৃষিবিষয়ক ভিডিও দেখেন আবদুল জব্বার। সেখান থেকেই সূর্যডিম তরমুজ সম্পর্কে জানতে পারেন তিনি।

গত বছর অল্প জমিতে নিজ উদ্যোগে বীজ সংগ্রহ করে প্রথমবার এই জাতের তরমুজ চাষ করেন। ফলন ভালো হওয়ায় এবার বাড়িয়েছেন চাষের পরিমাণ।

জব্বার জানান, সাধারণত এ অঞ্চলে শীত মৌসুমে তরমুজ চাষ করা হলেও সূর্যডিম জাতের তরমুজ বর্ষা মৌসুমেও চাষ করা যায়। নতুন জাতের হওয়ায় এর চাষাবাদ পদ্ধতি জানতে তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন।

চারা তৈরিতেও নিয়েছেন বাড়তি সতর্কতা। ট্রেতে বীজতলা তৈরি করে চারা উৎপাদনের পর সেগুলো জমিতে রোপণ করেছেন। কৃষি কর্মকর্তাদের মতে, এতে রোগবালাইয়ের ঝুঁকি কমানোর পাশাপাশি চারার মান নিয়ন্ত্রণ করা সহজ হয়।

পটিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন কুমার রায় জানান, সূর্যডিম জাতের একটি তরমুজ সাধারণত আড়াই থেকে চার কেজি পর্যন্ত ওজনের হতে পারে।

উপসহকারী কৃষি কর্মকর্তা দীপন চৌধুরীর ভাষ্য, আবদুল জব্বার আধুনিক কৃষির প্রতি আগ্রহী একজন কৃষক। নতুন জাত ও নতুন পদ্ধতি নিয়ে তিনি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করেন।

শুধু সূর্যডিম তরমুজ নয়, তার জমিতে রয়েছে বাহুবলী জাতের টমেটোও। গ্রাফটিং করা চারা ব্যবহার করে সেই টমেটো চাষ করছেন তিনি।

চলতি মৌসুমে সূর্যডিম তরমুজ চাষে আবদুল জব্বারকে বীজ ও মালচিং পেপার দিয়ে সহায়তা করেছে উপজেলা কৃষি বিভাগ।

আবদুল জব্বারের কৃষিতে আসার গল্পটাও ভিন্ন। এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত বিদেশে না গিয়ে কৃষিকেই পেশা হিসেবে বেছে নেন।

এখন নতুন জাতের ফসল নিয়ে পরীক্ষা-নিরীক্ষাই তার নেশা। বই পড়া, কৃষিবিষয়ক ভিডিও দেখা এবং নতুন কোনো জাত বা পদ্ধতি সম্পর্কে জানার পর নিজের জমিতে তা প্রয়োগ করে দেখেন তিনি।