এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১১০ টাকায় পৌঁছেছে। ভারত থেকে আমদানি কমে যাওয়া এবং পাবনা-ফরিদপুরের মজুত ফুরিয়ে আসাকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী মো. সেলিম বলেন, “মোকামে পেঁয়াজ কম আসছে। নতুন পেঁয়াজ উঠতে আরও দেড় মাস লাগবে। ততদিন দাম চড়াই থাকবে।”

কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, দাম নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে। পাশাপাশি মিসর ও তুরস্ক থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

পাবনার সাঁথিয়ার পেঁয়াজচাষি আবু তাহের জানান, গত মৌসুমে দাম না পাওয়ায় অনেক কৃষক এবার আবাদ কমিয়েছেন। “দাম যখন কম থাকে তখন কেউ খোঁজ নেয় না, এখন সবাই কৃষকের দোষ দিচ্ছে,” বলেন তিনি।