কৃষি খবর ডেস্ক: বেশি লাভের আশায় হিমাগারে দীর্ঘদিন জমা রাখা প্রায় ৩০ হাজার মণ আলু পচে নষ্ট হয়ে গেছে। মাদারীপুর বিসিক শিল্পনগরী এলাকার ‘মাদারীপুর কোল্ড স্টোরেজে’ এ ঘটনা ঘটে। নষ্ট হওয়া আলুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কারণ অনুসন্ধানে ৫ কার্যদিবসের সময় বেঁধে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিমাগারের মালিক মীর হাবিবুর রহমান বেশি মুনাফার আশায় ২০২৫ সালের মার্চ মাসে ৬০ কেজি ওজনের প্রায় ১৫ হাজার থেকে ২০ হাজার বস্তা (১২ লাখ কেজি) আলু জমা রাখেন। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় আলুগুলো হিমাগারেই থেকে যায়। দীর্ঘদিন পড়ে থাকায় হিমাগারের ভেতরেই আলুর পচন ধরে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। নষ্ট হয়ে যাওয়া এসব আলু এখন লোকালয়ে ফেলে পরিবেশ দূষণ না করে স্থানীয় কৃষক ও খামারিদের মাঝে পশুখাদ্য হিসেবে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
মাদারীপুর কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল করিম জানান, দীর্ঘদিন স্টোরেজে থাকার কারণে আলুর টেম্পারেচার (তাপমাত্রা) নষ্ট হয়ে গেছে। তাই আলুর এ অবস্থা। এসব আলু খোলা জায়গায় ফেললে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ হওয়ার আশঙ্কা থাকায় বিনামূল্যে খামারি ও কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে।
মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার জানান, হিমাগারে বিপুল পরিমাণ আলু পচে যাওয়ার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।





