জেলা প্রতিনিধি, বগুড়া: উত্তরাঞ্চলের শস্যভান্ডার খ্যাত বগুড়া জেলা। চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছে জেলা কৃষি বিভাগ। জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু সবুজের সমারোহ। দিগন্তজোড়া ধানক্ষেত, বাতাসে দুলছে ধানের শীষ, মাঠভরা ফসল দেখে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। 

ইতোমধ্যে অনেক জমিতে ধানের শীষ বের হয়েছে। পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম থাকায় বেশ ভালোভাবেই বেড়ে উঠছে আমন ধান। সবুজ ধানক্ষেতের নয়নাভিরাম দৃশ্য গ্রামবাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। কৃষকের স্বপ্ন এখন ধানের শীষের সঙ্গে দুলছে মাঠের পর মাঠ।

জেলার বিভিন্ন স্থানে কৃষকদের সাথে কথা বললে তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমনের ভালো ফলন পাওয়া যাবে।

কাহালু উপজেলার মুরইল গ্রামের কৃষক আবেদ আলী জানান, ৮ বিঘা জমিতে আগাম জাতের ব্রি-৪৯ ধান চাষ করেছেন তিনি। এজাতে রোগবালায় অনেকটাই কম হয়। এই ধান কাটার পরে একই জমিতে আবার আলু অথবা সরিষার আবাদ করা যায়। আবহাওয়া ভালো থাকলে এবং ধানের দাম ভালো পাওয়া গেলে অনেকটাই লাভবান হওয়ার আশা করছেন তিনি।
 
জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ ৮৩ হাজার ৫০৫ সেক্টর জমিতে। এখন পর্যন্ত প্রাকৃতিক তেমন কোন দুর্যোগ না হওয়ায় ধানের গাছ খুব ভালো হয়েছে। ফলনও ভালো হবে বলে আশা তাদের।