কৃষি খবর ডেস্ক: শ্রমিকদের সার্বিক কল্যাণে মজুরি কমিশন গঠন করা হয়েছে, তাই এখন আর কোনো আন্দোলনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সাভার উপজেলা পরিষদে গার্মেন্টস খাতের বর্তমান অস্থিরতা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, একটি নির্দিষ্ট মহল শ্রমিকদের সরলতা ও আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আন্দোলন ও সংঘাতের ঘটনায় মামলা, গ্রেপ্তার
বৈঠক শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, গার্মেন্টস এলাকায় অবৈধভাবে আন্দোলন ও সংঘাত সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
মাঠে দায়িত্ব পালন করছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা
এদিকে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিচারিক ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
বৈঠকে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



