জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার বৈকালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনার সময় তারা কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ময়লাযুক্ত কাঠের টেবিলে বিস্কুট তৈরি, ইন্ডাস্ট্রিয়াল লবণ খাবারে ব্যবহার, কেক ও বিস্কুট রাখার স্থানে অসংখ্য তেলাপোকা বিচরণ, বিএসটিআইয়ের অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ এবং অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করতে দেখা যায়।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী  ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। যা তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় জব্দকৃত ইন্ডাস্ট্রিয়াল লবণ ও ৫ ট্রে কেক জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটিকে সকল অপরাধ সংশোধনের জন্য ৭ দিনের সময় প্রদান করা হয়। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার।  অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি টিম।