কৃষি খবর ডেস্ক: খাগড়াছড়িতে বন্যাসহিষ্ণু ও উচ্চফলনশীল ব্রি ধান ১১০-এর ফসল কর্তন ও কৃষক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।

স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্থানীয় কৃষক পল্টন চাকমার জমিতে আমন মৌসুমের এ জাতের প্রদর্শনী বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও খামার ব্যবস্থাপনা শাখার প্রধান মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন চৌধুরী এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা।

ব্রি সূত্রে জানা যায়, এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এর আগে পাইলটপাড়া প্রযুক্তি গ্রামের পাঁচজন কৃষকের পাঁচ একর জমিতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ করা হয়।

এ জন্য কৃষকদের বিনা মূল্যে ধানের বীজ, সার, কীটনাশক, বালাইনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হয়।

কৃষকদের কাছে নতুন জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার তুলে ধরতেই এ ফসল কর্তন ও মাঠদিবসের আয়োজন করা হয়।