কৃষি খবর ডেস্ক: খাবার তৈরিতে নানা অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে চার প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে চালানো অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, এমঅ্যান্ডএস মেডিকো ও সাঈদ মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ছয় হাজার ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পাঠানটুলি চৌমুহনী এলাকায় একটি দোকানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণ ও প্যাকেটজাত করা হচ্ছিল। পাশাপাশি মোড়কজাত তেলে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বনফুলের কারখানা ও খাবার সংরক্ষণের ফ্রিজে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। সেখানে মেয়াদোত্তীর্ণ উপাদান ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি, খাবার সংরক্ষণের ফ্রিজে তেলাপোকার বিচরণ এবং বেনামি ও লেবেলবিহীন ঘি ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।