কৃষি খবর ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে নতুন করে ৮ থেকে ১০টি জাহাজভর্তি সয়াবিন কিনেছে চীন। গত সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনার বড় কোনো চুক্তি করল দেশটি।

বুধবার (১৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তিনজন আন্তর্জাতিক পণ্যবাণিজ্য সংশ্লিষ্ট ব্যবসায়ী। তাঁদের মতে, কেনা সয়াবিনের চালান আগামী ডিসেম্বর থেকে পাঠানো হবে। 

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এসব সয়াবিন কিনেছে। প্রতি বুশেল সয়াবিনের জন্য জানুয়ারির শিকাগো বোর্ড অব ট্রেডের (সিবিওটি) চুক্তিমূল্যের চেয়ে ৩ ডলার ১০ থেকে ৩ ডলার ২০ সেন্ট বেশি দাম দিয়েছে চীন। 

গত সেপ্টেম্বরে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র ও চীন শুল্ক কমানোর একটি প্রস্তাবিত তালিকা প্রকাশ করে। তবে সেই তালিকায় সয়াবিন অন্তর্ভুক্ত ছিল না। এতে চীনের বেসরকারি সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্র থেকে আরও সয়াবিন কেনার সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হয়।

এর আগে ২০২৬-২৭ বিপণন বছরে যুক্তরাষ্ট্র থেকে ২ কোটি ৫০ লাখ টন সয়াবিন কেনার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল হোয়াইট হাউস। সর্বশেষ কেনাকাটার আগে পর্যন্ত চীন প্রায় ১ কোটি ৩৭ লাখ টন মার্কিন সয়াবিন কিনেছে, যা লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি।

এদিকে, মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোগ্রেইন নিলামে আমদানিকৃত ৫ লাখ ১৮ হাজার টন সয়াবিন বিক্রির জন্য প্রস্তাব করে। পরামর্শক প্রতিষ্ঠান মিস্টিলের তথ্য অনুযায়ী, নিলামে প্রস্তাবিত সয়াবিনের ৪০ দশমিক ৫ শতাংশ বিক্রি হয়েছে। আগামী কয়েক সপ্তাহে এ ধরনের আরও নিলাম হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে দেশটি ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করেছে। আগের বছরের একই মাসের তুলনায় আমদানি কমেছে ৭ দশমিক ৭ শতাংশ। 

সূত্র: রয়টার্স