কৃষি খবর ডেস্ক: সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় সার ডিলার নিয়োগে অনিয়ম দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(১৪ অক্টোবর) দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসড়কের পলাশপোল এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।
এতে বক্তব্য দেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
এ সময় বক্তারা বলেন, সারা দেশের ন্যায় সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও অর্থের বিনিময়ে ডিলারশিপ দেওয়া হয়েছে। ফলে স্থানীয় কৃষকরা সময়মত ও ন্যায্য মূল্যে সার পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়বেন। জেলার অধিকাংশ ইউনিয়নে বিগত স্বৈরাচারের দোসর আওয়ামীলীগের লোকদের হাতে ডিলারশিপ তুলে দেওয়া হয়েছে ।
এসকল অপকর্মে প্রশাসনের সাথে জেলার কতিপয় নেতা জড়িত রয়েছে। অনতিবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় সার ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান তারা। একই সাথে সারের ডিলার শিপ নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে হুঁশিয়ারি দেন ।
সার ডিলারে অনিয়মের বিষয়ে জানতে চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি।


