কৃষি খবর ডেস্ক: উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার যেসব সার ডিলার পেয়েছে, তাদের নিয়োগ দেওয়া হয়েছিল  স্বৈরাচার সরকারের আমলে। এসব ডিলারের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, সারের বিষয়ে যে বিষয়টি হয়েছে, উত্তর অধিকার সূত্রে আমরা যে সারের ডিলারগুলো পেয়েছি, এগুলো সব সারের ডিলার স্বৈরাচার সরকারের সময় নিয়োগকৃতরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের অসহযোগিতা করেছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে, সরকার এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যেটা দেখেছি, ছোটখাটো সমস্যা যে জেলাগুলিতে হয়েছে, সেই জেলাগুলি হচ্ছে— কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, নরসিংদী, সাতক্ষীরা ও বাগেরহাট। 

ওই এলাকার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। সরকার এবং আমরা মনে করছি যে, তারাই সরকারকে জনগণের কাছে বিভ্রান্ত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে বা সব ক্ষেত্রে তাদের দলীয় লোকজন দিয়ে এটা করতে পারে।  যে এলাকাগুলো থেকে বিএনপির মনোনীত বা বিএনপির সমমনা দলগুলো নির্বাচিত হয়েছে, সেনব এলাকায় সারের কোনো সমস্যা নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই।

পরে প্রতিমন্ত্রী গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের দুটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়ার বর্তমান ও সাবেক বিএনপিদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।