কৃষি খবর ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে শিমখেত থেকে মো. শাহেদ নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ও উপার্জনে অক্ষম মা-বাবার সংসার চালাতে দিনমজুরের কাজ করত শাহেদ। বুধবার সকালে এক প্রতিবেশীর শিমখেতে কাজ করতে যায় সে। সকাল সাড়ে ১০টার দিকে খেতের মালিক তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে এক পল্লিচিকিৎসক পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শাহেদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, ছেলেটি নম্র ও ভদ্র স্বভাবের ছিল। সন্তানের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তার মা-বাবা।
চর জব্বর থানার ছনখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আলী হোসাইন জানান, কিশোরের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গরমের কারণে স্ট্রোক হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



