কৃষি খবর ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি নির্ধারিত মূল্যে সার না পাওয়ায় বিক্ষোভ করেছেন কৃষকরা। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলার ফতুল্লার বক্তাবলীর কানাইনগর বেকারী মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এসময় কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিলাররা সার বিক্রির অভিযোগ করেন।

সেই সঙ্গে সারের অভাবে কৃষকদের আলু চাষে ব্যাঘাত ঘটছে। দ্রুত সময়ের মধ্যে বক্তাবলীর ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ডিসি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাদশা মাদবরের সভাপতিত্বে কৃষকদের মধ্যে বক্তব্য দেন বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রহমত উল্লাহ, কৃষক আমিন উদ্দিন বেপারী, সানা উল্লাহ, আল আমিন, আফাজ উদ্দিন, আল আমিন হৃদয়, কামাল হোসেন, মো. হাসান শেখ, সফিউল্লাহ, আব্দুল ওয়াদুদ, মঞ্জু, আব্দুল আলিম ও সেরুন মিয়া প্রমুখ।

মো. বাদশা মাদবর বলেন, ‘বক্তাবলী ইউনিয়নের কৃষকরা সার ডিলারের কাছে জিম্মি হয়ে পড়েছেন। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা আদায়ের লক্ষ্যে তিনি তার ভাই, কর্মচারীসহ নিজস্ব লোকদের সার ডিলার করেছেন। এ চক্র সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করছে। সরকার প্রতি বস্তা সারের দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করলেও ডিলাররা দাম রাখছেন ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৮৫০ টাকা। সার বিক্রির সময় কৃষকদের বিক্রয় রশিদ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।’