জ্যেষ্ঠ প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ রং দিয়ে কেক তৈরি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং পণ্যের মোড়কে প্রতারণাসহ নানা অনিয়মের বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ৪২ জেলায় পরিচালিত এ অভিযানে ১০৪টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের ৫৪টি তদারকি দল ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালায়। এ সময় পণ্যের মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের ভাউচার, ন্যায্যমূল্যে বিক্রি এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার বিষয়গুলো যাচাই করা হয়।

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান ও চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে দেশীয়ভাবে তৈরি মোটরসাইকেলের তালা বিদেশি পণ্য হিসেবে মোড়কজাত ও বাজারজাত করার অনিয়ম পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটি কারখানার অনুমোদনসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে সিলগালা করা হয়।

একই অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করে কেক তৈরির দায়ে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত দাম আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদদারি ঠেকাতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ভাউচার সংরক্ষণ এবং সঠিক ওজন ও পরিমাপে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ভোক্তাদের পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য এবং মূল্যতালিকা যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কেনাকাটার পর বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করতেও বলা হয়েছে।

কোনো পণ্য বা সেবা নিয়ে প্রতারণা, অতিরিক্ত মূল্য আদায় কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে দেশব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।