কৃষি খবর ডেস্ক: রাসায়নিক পরীক্ষায় সন্তোষজনক ফল না পাওয়ায় ‘ড্যানজিন ১০জি’ বালাইনাশকের নির্দিষ্ট একটি ব্যাচের পুনরায় প্যাকেটজাত করা সব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গত ১৯ অক্টোবর অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং থেকে মেসার্স সিয়াম ক্রপ কেয়ারকে এ নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানটির ‘ড্যানজিন ১০জি’ বালাইনাশকের এপি নম্বর ৩৭৭০ এবং ব্যাচ নম্বর ০৯৬৩২১-এর নমুনা উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের বালাইনাশক গবেষণাগারে রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনার ফল সন্তোষজনক পাওয়া যায়নি।

এ কারণে নির্দেশনা পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে ওই ব্যাচের পুনরায় প্যাকেটজাত করা সব বালাইনাশক বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। পাশাপাশি কত পরিমাণ পণ্য প্রত্যাহার করা হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে অধিদপ্তর।

উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বি স্বাক্ষরিত চিঠির অনুলিপি সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া নির্দেশনাটি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য সংশ্লিষ্ট শাখাকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রত্যাহারের নির্দেশটি ‘ড্যানজিন ১০জি’র নির্দিষ্ট ব্যাচ নম্বর ০৯৬৩২১-এর পুনরায় প্যাকেটজাত করা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।