কৃষি খবর ডেস্ক: নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ৩০ অক্টোবর। প্রস্তুতি হিসেবে চিনিকলের ওয়াটার ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে আজ ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
চলতি মৌসুমে ১২৫ মাড়াই দিবস কার্যক্রম চলবে। এক লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭’শ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ৫ শতাংশ।
আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আখের মূল্য কুইন্টাল প্রতি ২৬ টাকা বৃদ্ধি করেছে। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয় মূল্য ৬৫১ টাকা এবং সেন্টারগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা।
চিনিকল এলাকায় প্রায় ১৮ হাজার একর জমিতে আখ আবাদ করা হয়েছে। পাঁচ হাজার ৪৫৪ জন আখচাষীকে সরকার উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষের জন্যে দুই কোটি ৭১ লক্ষ টাকার প্রণোদনা প্রদান করা হয়েছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, আখ মাড়াই কার্যক্রমের প্রস্তুতি হিসেবে আজ শনিবার কারখানার সার্বিক পরিচ্ছন্নতার জন্যে ওয়াটার ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। এরআগে গত ৯ অক্টোবর কারখানার বয়লার ফায়ারিং অনুষ্ঠিত হয়। এই আগুনের বাষ্পেই পুরো মৌসুমের আখ মাড়াই কার্যক্রম চলবে।





