জেলা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দলুয়া দোগাছী এলাকায় মাত্র ৮ শতক জমিতে আধুনিক পদ্ধতিতে মরিচ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষাণি গৌরী রানী। অল্প জমিতে কম খরচে মরিচ চাষ করে ইতোমধ্যে লাভের মুখ দেখেছেন তিনি।
গৌরী রানী জানান, মরিচ চাষে তাঁর মোট খরচ হয়েছে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা। এ পর্যন্ত মরিচ বিক্রি করে আয় করেছেন ১০ থেকে ১২ হাজার টাকা। বর্তমানে প্রতি মণ মরিচ ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি আরও জানান, প্রতি সপ্তাহে জমি থেকে প্রায় ১ থেকে দেড় মণ মরিচ সংগ্রহ করেন। পরে সেই মরিচ স্থানীয় বাজারে বিক্রি করেন। মরিচ বিক্রির আয় দিয়েই চলে তাঁর সংসার।
অল্প জমিতে স্বল্প পুঁজি বিনিয়োগ করে মরিচ চাষে এমন সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণ করলে স্বল্প জমিতেও ভালো আয় করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





