কৃষি খবর ডেস্ক: জামালপুরের মেলান্দহে সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোল হয়েছে। এসময় ৩ কৃষক আহত হন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে বেলতৈল বাজারে সার নিতে আসা কৃষকদের মাঝে উত্তেজনা দেখা দেয়।
আহত কৃষকদের একজন ওই ইউনিয়নের ছবিলাপুর গ্রামের গোমর শেখের ছেলে আলিম উদ্দিন (৪৫)। বাকি দুজনের নাম জানা যায়নি। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সার নিতে এসে প্রয়োজন অনুযায়ী সার না পেয়ে কৃষকদের সঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ডিলার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, ‘সার বিতরণের সময় আগে-পরে নেওয়া নিয়ে একটু বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এসময় অনেক মানুষের ধাক্কাধাক্কিতে দুই-একজন আহত হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো সার বিতরণ চলছে।’






