কৃষি খবর ডেস্ক: যশোরের অভয়নগরে অনুমতি ব্যতিরকে সরকারি ইউরিয়া সার পরিবহন-বিক্রয়-পাচারের জন্য গোপন মজুত করার দায়ে আব্দুল মজিদ (৩৩) নামের এক যুবককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী এ জরিমানা করেন।

মামলার প্রসিকিউটিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে ভৈরব নদী তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসিআইসির সঙ্গে সম্পাদিত সরকারি ইউরিয়া সার পরিবহন ঠিকাদার মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুই স্তূপে ৪২০ টন সার না থাকার প্রমাণ পাওয়া যায়। সার না থাকার বিষয়ে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের খুলনা শাখা অফিসের ইনচার্জ আব্দুদ মজিদ ভ্রাম্যমাণ আদালতের কাছে কোনো সদুত্তর দিতে পারেননি। সারের লাইসেন্স/নিবন্ধন/ আদালতের আদেশ বা অনুমতি ব্যতিরকে সার পরিবহন-বিক্রয়-পাচারের জন্য অন্যত্র গোপন মজুক করার দায়ে মেসার্স টোটাল শিপিং এজেন্সির খুলনা শাখা অফিসের ইনচার্জ আব্দুল মজিদকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ৮ (১) ধারা মোতাবেক অভিযোগ স্বীকার করায় ‘মোবাইল কোর্ট আইন’ ২০০৯ এর বিধান অনুযায়ী এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।