জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে রাতের আঁধারে একই সেচে পাম্পের পরপর দুইবার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। দুই মাসের ব্যবধানে একই কৃষকের সেচযন্ত্রের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বারবার চুরির শিকার হলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাইনি ভুক্তভোগী কৃষক। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চোপিনগর ইউনিয়নের কচুয়াহদ গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল বাসেদ মণ্ডলের সেচের ট্রান্সফরমার চুরি হয়। এর আগেও তার ট্রান্সফরমার চুরি হয়েছিল। 

পরে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ অফিস থেকে নতুন ট্রান্সফরমার নিয়ে সেচ কাজ চালু করেছিলেন এই কৃষক। কিন্তু আবারও ট্রান্সফরমার চুরি হওয়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা চোরচক্র শনাক্ত, চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অপরদিকে কিছুদিন আগে একই উপজেলার  আড়িয়া ইউনিয়নের চাঁদবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের পুকুর ও ফসলি জমিতে সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। যার কোন প্রতিকার মেলেনি। 

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল জানান, আমরা দ্রুত চোরচক্রকে ধরার চেষ্টা চালাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত আছে।