জেলা প্রতিনিধি, বগুড়া: কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং কৃষির সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞতাকে পর্যটকদের কাছে তুলে ধরতে বাংলাদেশের প্রথম কমিউনিট ভিত্তিক এগ্রো টুরিজম প্রকল্প সুখের খামার এগ্রো ভিলেজ বগুড়া এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বগুড়ার কাহালু উপজেলার বাগইল গ্রামে বাঁকাদিঘীর পাড় এলাকায় প্রকল্পের নির্ধারিত স্থানে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মালিহা খানম, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোঃ তাসদীখ হাবীব এবং ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের ইসলাম।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রকল্পের শেয়ারহোল্ডার, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও সম্ভাবনা তুলে ধরে সুখের খামার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোঃ তাসদীখ হাবীব বলেন, বাংলাদেশের কৃষি খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। এগ্রো ট্যুরিজম এ ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
এখানে কৃষক শুধু ফসল বিক্রি করেন না, বরং কৃষির সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞতাকেও পর্যটকদের কাছে তুলে ধরতে পারেন। স্মার্ট কৃষিই হতে পারে বাংলাদেশের কৃষি খাতের পরবর্তী অগ্রযাত্রার অন্যতম ভিত্তি, আর সুখের খামার সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার একটি উদ্যোগ।





