কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় চলতি বছর ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিতে ৩ হাজার কম্বাইন হারভেস্টার ও রিপার বিতরণ করা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। হাওর ও উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৫০ শতাংশ ভর্তুকি প্রযোজ্য।
প্রকল্প পরিচালক বলেন, “শ্রমিক সংকটে ধান কাটার সময় কৃষকের খরচ বেড়ে যায়। একটি হারভেস্টার দিনে ১০-১২ বিঘা ধান কাটতে ও মাড়াই করতে পারে, যাতে বিঘাপ্রতি খরচ অর্ধেকে নেমে আসে।”
তবে যন্ত্রের রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা নিয়ে অভিযোগ রয়েছে কৃষকদের। সুনামগঞ্জের কৃষক হাবিবুর রহমান জানান, গত বছর তার হারভেস্টার নষ্ট হলে দুই সপ্তাহ মেরামতে সময় লেগেছে।
সরকার প্রতিটি উপজেলায় সার্ভিস সেন্টার ও প্রশিক্ষিত মেকানিক নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে বলে জানানো হয়েছে।


