কৃষি খবর ডেস্ক: সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা, অপহরণ ও মুক্তিপণের আতঙ্ক থেকে মুক্তি চান উপকূলের জেলে-বাওয়ালীরা। জীবিকার তাগিদে বনে গিয়ে নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা এবং বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছেন বনজীবীরা।
বুধবার (২৮ অক্টোবর) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জেলে, বাওয়ালি, কাঁকড়া আহরণকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সুন্দরবনের নদী-খালে মাছ ধরা, কাঁকড়া আহরণ ও বনজ সম্পদ সংগ্রহের ওপর নির্ভর করে উপকূলের অসংখ্য পরিবারের জীবন-জীবিকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বনে প্রবেশ করেন জেলে-বাওয়ালীরা। কিন্তু বনদস্যুদের তৎপরতা, অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সুন্দরবন উপকূলের মানুষের কাছে শুধু একটি বন নয়, হাজারো পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সংসারের খরচ জোগাতে, জীবিকার সন্ধানে বনে যেতে হয় তাদের। অথচ বনদস্যুদের আতঙ্কে সেই জীবিকার পথই অনিরাপদ হয়ে উঠছে। পরিবারের সদস্যদের উৎকণ্ঠায় থাকতে হয়, বনে যাওয়া স্বজন নিরাপদে বাড়ি ফিরবেন কিনা।
তারা অভিযোগ করেন, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতার কারণে জেলে-বাওয়ালিদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অপহরণ ও মুক্তিপণের আশঙ্কায় অনেকেই নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারছেন না। এ পরিস্থিতিতে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং বনের নদী-খালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।
স্থানীয় কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, মাস্টার আব্দুর রহিম, মাওলানা এছাহাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, নারী ইউপি সদস্য ফরিদা পারভীন ও আশিকুর রহমান।
মানববন্ধন থেকে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধ এবং বনে যাতায়াতকারী জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
অংশগ্রহণকারীরা বলেন, তারা কোনো বিশেষ সুবিধা চান না, শুধু নিরাপদে বনে গিয়ে জীবিকা নির্বাহ করে পরিবারের কাছে ফিরে আসার নিশ্চয়তা চান। সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে উপকূলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।



