কৃষি খবর ডেস্ক: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে চায় তাঁর দেশ।

বুধবার (২৮ অক্টোবর) জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন আকাজাওয়া রিয়োসেই। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার বিভিন্ন খাত এগিয়ে নেওয়া এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

এ সময় জাপানি ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের প্রতি যে বিনিয়োগ-আগ্রহ রয়েছে, তা কাজে লাগিয়ে দেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া—উভয়েই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকেই বাংলাদেশ ও জাপানের সম্পর্কের বিকাশ ও অগ্রগতির ধারাবাহিকতা তৈরি হয়েছে। তিনি এই ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে চান।

সাক্ষাৎ শেষে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।