কৃষি খবর ডেস্ক: কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে কালোবাজারে বিক্রির অভিযোগে রংপুরের বদরগঞ্জে এক সার ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স কুন্ডু ট্রেডার্স নামে এই বিসিআইসি সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানেরহাট-সংলগ্ন ওই ডিলারের সার বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
তবে অভিযানের খবর পেয়ে বিক্রয়কেন্দ্র খোলা রেখেই ঘটনাস্থল থেকে সটকে পড়েন ডিলার। এ ঘটনায় সার বিক্রির স্বচ্ছতা ও কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বদরগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে মেসার্স কুন্ডু ট্রেডার্সের সার বিক্রয়কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। এ সময় সরেজমিন তদন্তে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে কালোবাজারে বিক্রির অভিযোগের সত্যতা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র আরও জানায়, ভ্রাম্যমাণ আদালতের আসার খবর পেয়ে তিনি বিক্রয়কেন্দ্র খোলা রেখেই সরে পড়েন। তবে ঠিক কী পরিমাণ সার কালোবাজারে বিক্রি করা হয়েছে, কতজন কৃষক এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা অনিয়মের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রুহুল আমিন নামে একজন বলেন, তার কাছে সার নিতে গেলে প্রায় সময় সার থাকার পরও বলে সার নেই। পরে তা কালোবাজারিতে বিক্রি করেন। অভিযান চলাকালে ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।
বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ বলেন, মেসার্স কুন্ডু ট্রেডার্স ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এরকম না করার জন্য। তারপরও যদি তিনি পুনরায় এরকম করেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত সার ডিলার ভ্রাম্যমাণ আদালতের জরিমানার বিষয়টি স্বীকার করেছেন। তবে সার কালোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন।





