কৃষি খবর ডেস্ক: মা ইলিশ শিকারবিরোধী অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।
এছাড়া জব্দ করা হয়েছে ৬.২ মেট্রিক টন মা ইলিশসহ সামুদ্রিক মাছ। এসময় ৯টি বোটের মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখার কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল হোসেন।
অভিযান পরিচালনা করে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখা। জব্দ মাছ এতিমখানা, হতদরিদ্র পরিবার, মন্দির ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য অফিসার মোতাছিম বিল্লাহ।





