কৃষি খবর ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে পাচারকালে ৯হাজার ২৫০কেজি বিভিন্ন প্রকার সার উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৫অক্টোবর) দুপুর ১টায় সীমান্তের ঠোটাপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনির পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ সোমবার দুপুর ১টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ পুরাতন ঠোটারপাড়া এলাকায় পদ্মা নদীতে বিজিবির টহল দল অভিযান চালায়। এ সময় নৌপথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেটসহ মোট ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করা হয়।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।