কৃষি খবর ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে আজ পঞ্চম। ১৬৯ স্কোর নিয়ে এয়ার কোয়ালিটি ইনডেস্কে (আইকিউএয়ার) ঢাকা শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এদিন বিশ্বের বায়ুদূষণ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। যার বায়ুমান স্কোর ২০৩। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
এছাড়া ১৯৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৮৩ স্কোর নিয়ে পাকিস্তানের আরেক শহর করাছি রয়েছে তালিকার তৃতীয় স্থানে, ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান স্কোর ১৬৯।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।





