কৃষি খবর ডেস্ক: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গুদামে সার মজুদ রাখার অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। এ সময় অবৈধভাবে গুদামে মজুদ রাখা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকার একটি গুদামে অভিযান চালানো হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (৪৫) উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে একটি অটোরিকশায় করে মনিরুল ইসলামের গুদামে সার নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।
এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শনে যান।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ওই গুদামে গিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ অপরাধে গুদামের মালিক মনিরুল ইসলামের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।



