জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃষকের ২৫শতক জমির সম্পূর্ণ মরিচের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কৃষকের দাবি এ পর্যন্ত তার এই জমিতে খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি ৩০ হাজার টাকা দিয়ে দেড় বিঘা জমি এক বছরের জন্য লিজ নেন। সেখানে মরিচ চাষের জন্য ডিজি ১৭/১৭ জাতের প্রায় ১৩ হাজার চারা রোপন করেন। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক, সেচ ও পরিচর্যাসহ এ পর্যন্ত তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেন, মরিচ গাছগুলো বেশ ভালো হয়েছিল। আর কদিন পরে জমি  থেকে মরিচ তোলা যেতো। এই জমির মরিচ শেষ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা বিক্রি করার আশা করেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার জমিতে ঢুকে সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলেছে।

সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান আনোয়ার হোসেন। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার পর ভুক্তভোগী আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা নন্দীগ্রাম থানার এসআই সিরাজউদ্দৌলা জানান, মরিচগাছ কেটে ফেলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।