কৃষি খবর ডেস্ক: লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকার সুপারির বাজারে স্থানীয় ব্যবসায়ীরা গ্রামের ছোট হাটে গিয়ে সুপারি কিনে এনে বাজারটিতে বিক্রি করেন। বাজারের ক্রেতারা সবাই জেলার বাইরের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকার।

অবশ্য বাজারটি কেবল নয়, লক্ষ্মীপুরের শতাধিক হাটবাজারই এখন এভাবে দিনরাত মুখর সুপারি ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে। কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে লক্ষ্মীপুরে প্রায় ৭১০ কোটি টাকার সুপারি বেচাকেনা হওয়ার কথা রয়েছে।

লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী বাজারের একাধিক বিক্রেতা জানান, সপ্তাহে দুই দিন বাজারটিতে সুপারি কেনাবেচা হয়। পণ ও কাউন হিসেবে সুপারি বিক্রি করেন তাঁরা। 

বাজারের সুপারি বিক্রেতা নজরুল ইসলাম জানান, বর্তমানে প্রতি পণ (৮০টি) পাকা সুপারি ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কাউন (১ হাজার ২৮০টি) বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়। প্রতি সপ্তাহে শুধু তেহমনী বাজারেই এক থেকে দেড় কোটি টাকার সুপারি কেনাবেচা হয়।

জেলার অন্যতম সুপারির বাজারগুলোর মধ্যে রয়েছে রায়পুর উপজেলার হায়দাগঞ্জ, আলিয়া মাদ্রাসা এলাকা, বাসাবাড়ি, দেনায়েতপুর, খাসেরহাট, মোল্লারহাট ও মীরগঞ্জ। এ ছাড়া লক্ষ্মীপুর সদরের দালাল বাজার, রসুলগঞ্জ, ভবানীগঞ্জ, মান্দারী, দত্তপাড়া ও জকসি এবং রামগঞ্জের উপজেলা শহর, সোনাপুর, কাঞ্চনপুর ও করপাড়া বাজারেও সুপারির বেচাকেনা হয়। মৌসুমে এসব বাজারে বাগানমালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সুপারি নিয়ে আসেন। তাঁদের কাছ থেকে সুপারি কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান পাইকারি ব্যবসায়ীরা।

দুই যুগ ধরে লক্ষ্মীপুরে সুপারির ব্যবসা করছেন রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের মোখলেছুর রহমান। তিনি লক্ষ্মীপুরের বিভিন্ন হাটবাজারের খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সুপারি কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।

মোখলেছুর রহমান বলেন, সুপারির মৌসুমে কেনাবেচা বেড়ে যাওয়ায় তাঁদের ব্যস্ততাও বাড়ে। স্থানীয় বাজার থেকে সুপারি সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে চাহিদা অনুযায়ী পাঠানো হয়। প্রতিবছর তাঁর হাত ধরেই ২০ থেকে ২৫ কোটি টাকার লেনদেন হয় বলে দাবি মোখলেছুরের।

কার্তিক ও অগ্রহায়ণ মাস সুপারি সংগ্রহের প্রধান সময়। এ সময় উৎপাদন ও বাজারজাতকরণকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের গ্রামীণ অর্থনীতিতে গতি আসে। সুপারির বাজার ভালো থাকলে কৃষকের আয় বাড়ে, পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ উপকৃত হন।

কৃষক ও কৃষি কর্মকর্তারা জানান, লক্ষ্মীপুরের মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য বেশ উপযোগী। একবার সুপারি চারা রোপণ করলে উপযুক্ত পরিবেশে দীর্ঘদিন ফলন পাওয়া যায়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, একটি সুপারিগাছ থেকে ৩০ বছরের বেশি সময় ধরে ফলন পাওয়া সম্ভব। ফলে দীর্ঘমেয়াদি আয়ের উৎস হিসেবে সুপারি চাষের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ বলেন, ‘কার্তিক ও অগ্রহায়ণ মাস সুপারি সংগ্রহের প্রধান সময়। এ সময় উৎপাদন ও বাজারজাতকরণকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের গ্রামীণ অর্থনীতিতে গতি আসে। সুপারির বাজার ভালো থাকলে কৃষকের আয় বাড়ে, পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ উপকৃত হন।’

জহির আহমেদ বলেন, ‘লক্ষ্মীপুরে উৎপাদিত সুপারির অর্ধেকের বেশি আসে রায়পুর উপজেলা থেকে। এরপরই লক্ষ্মীপুর সদর উপজেলার অবস্থান। আমাদের হিসাব অনুযায়ী, এ বছর পাকা, শুকনা ও ভেজানো মিলিয়ে প্রায় ৭১০ কোটি টাকার সুপারি বিক্রি করতে পারবেন কৃষকেরা।’

সূত্র: প্রথম আলো