কৃষি খবর ডেস্ক: লালমনিরহাটের আদিতমারীতে উপজেলার সাপ্টিবাড়িতে পাশের জেলা কুড়িগ্রামে পাচারের সময় ৭০ বস্তা সার আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সাপ্টিবাড়ি বাজারের একটি মুদি দোকান ও পাশের গোডাউন থেকে পিকআপ ও ভ্যানে করে এসব সার কুড়িগ্রামের চিলমারীতে নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সারবোঝাই যানবাহনগুলো আটকে দেন।
আটক করা সারের মধ্যে ৫১ বস্তা ইউরিয়া ও ১৯ বস্তা ডিএপি সার রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান আদিতমারীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজা বেগম ও কৃষি বিভাগের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা দুলাল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া সাপ্টিবাড়ি ও সারপুকুর এলাকার দুই সার ডিলারকে যথাক্রমে ৫০ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজা বেগম জানান, ডিলারদের কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়া গেছে। এর প্রেক্ষিতে ডিলারদের জরিমানা এবং পাচারকারীকে কারাদণ্ড দেয়া হয়েছে।আটক সার ও ডিলারদের অনিয়মের বিষয়ে আরও তদন্ত করা হবে।





