কৃষি খবর ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে নদীর পাড়ে বাজার বসিয়ে ইলিশ মাছ বিক্রি করছিল অসাধু চক্র। খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় অবৈধভাবে বিক্রির জন্য রাখা ইলিশ মাছ জব্দ করা হয়। আটক করা হয় এক মাছ বিক্রেতাকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পোইলান মোল্লার কান্দি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা হয় ইলিশ মাছ। পাশাপাশি মাছ পরিবহন ও সংরক্ষণে ব্যবহৃত ক্রেট এবং মাছের ডালা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা ক্রেট ও ডালা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে কোন জেলেকে আটক করতে পারেনি। এ সময় ইলিশ মাছসহ এক বিক্রেতাকে আটক করে নিয়ে যায় অভিযানকারী দল।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




