কৃষি খবর ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ভেজাল কীটনাশক ও সার উৎপাদনের অভিযোগে একসময় জরিমানা ও সিলগালা হওয়া প্রতিষ্ঠানের মালিককে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী এবং সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা।
তবে অভিযোগ অস্বীকার করে ডিলার নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নিজাম উদ্দীন বলেছেন, সরকারি নীতিমালা মেনেই তিনি ডিলারশিপ পেয়েছেন।
উপজেলার ভাড়ইমারী আনন্দ বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে সুমন মালিথা বলেন, ২০২২ সালের ২৮ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের কর্মকর্তারা উপজেলার ঢুলটি এলাকায় ন্যাপ এগ্রো কেমিক্যালের বিরুদ্ধে অভিযান চালান। এ সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। তবে এক সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠানটি আবার চালু করা হয় বলে দাবি করেন তিনি।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে তৎকালীন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের আত্মীয়তার সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেন সুমন মালিথা।
সংবাদ সম্মেলনে সুমন মালিথা বলেন, ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। আবেদনকারীর যোগ্যতা ও অতীতের অভিযোগ পর্যালোচনা করে অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তবে মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান ও ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেডের স্বত্বাধিকারী নিজাম উদ্দীন এসব অভিযোগকে বিভ্রান্তিকর প্রচার বলে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো অনৈতিক সুবিধা ছাড়াই নিয়ম মেনে ডিলারশিপ পেয়েছেন।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে নিয়োগ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।



