কৃষি খবর ডেস্ক: তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে চলতি বছর ফ্রান্সে মদ উৎপাদন গত এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন হতে পারে। দেশটির কৃষি মন্ত্রণালয়ের নতুন পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ফ্রান্সে প্রায় ৩ কোটি ৪৯ লাখ হেক্টোলিটার মদ উৎপাদন হতে পারে। ২০২১ থেকে ২০২৫ সালের গড় উৎপাদনের চেয়ে তা প্রায় ১৪ শতাংশ কম।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আঙুরের বাগানের পরিমাণ কমে যাওয়া, খরা ও গ্রীষ্মের তীব্র গরমের কারণে ফলন কমেছে। তবে অঞ্চলভেদে উৎপাদনের পরিস্থিতিতে বড় ধরনের পার্থক্য রয়েছে।

দেশটির অন্যতম প্রধান মদ উৎপাদনকারী অঞ্চল ল্যাঙ্গেদক-রুসিওঁতে গ্রীষ্মের শেষ দিকে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। সেখানে উৎপাদন পাঁচ বছরের গড়ের তুলনায় ২ শতাংশ বেশি হতে পারে।

তবে শ্যাম্পেইন অঞ্চলের পরিস্থিতি বিপরীত। তুষারপাত, শিলাবৃষ্টি, খরা ও তীব্র গরমে সেখানে উৎপাদন গত বছর এবং পাঁচ বছরের গড়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ বছর সেপ্টেম্বরের শুরুতেই সেখানে আঙুর সংগ্রহ শেষ হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে আগাম।

ফ্রান্সে চলতি গ্রীষ্মে রেকর্ড তাপপ্রবাহ ও বৃষ্টির ঘাটতিতে কৃষিখাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের জন্য ১০০ কোটি ইউরোর বেশি জরুরি সহায়তা ঘোষণা করেছে দেশটির সরকার।