কৃষি কবর ডেস্ক: বছরের দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার জমি। জলাবদ্ধতার কারণে এসব জমিতে ধানসহ প্রচলিত ফসল চাষের সুযোগ কম থাকায় বছরের বড় একটি সময় অনাবাদি পড়ে থাকত। তবে সেই জমিতেই এখন পানিফল চাষ করে আয় করছেন স্থানীয় কৃষকেরা। কম খরচে তুলনামূলক ভালো ফলন পাওয়ায় দিন দিন বাড়ছে এ চাষের আগ্রহ।
উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, বিস্তীর্ণ জলাশয় ও নিচু জমির পানির ওপর সবুজ পাতায় ছেয়ে আছে পানিফলের গাছ। কৃষকেরা পানিতে নেমে পরিপক্ব পানিফল সংগ্রহ করছেন। পরে এসব ফল ঝুড়ি ও বস্তায় করে স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করা হচ্ছে।
কৃষকেরা জানান, আগে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকা জমিগুলো তেমন কোনো কাজে আসত না। পানিফল চাষ শুরু করার পর সেই জমি থেকেই বাড়তি আয় হচ্ছে। চারা রোপণ ও পরিচর্যায় তুলনামূলক কম খরচ হওয়ায় এ চাষে লাভের সম্ভাবনাও ভালো।
পানিফল সংগ্রহ ও বাজারজাতকরণকে ঘিরে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। কৃষকের পাশাপাশি শ্রমিকরা ফল সংগ্রহ, বাছাই ও পরিবহণের কাজে যুক্ত হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া জানান, যেসব জমি দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকে, সেসব জমিতে পানিফল চাষের ভালো সম্ভাবনা রয়েছে। কৃষকদের এ চাষে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে।



